মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরেও কি এবার শুরু হতে চলেছে জবরদখল উচ্ছেদ অভিযান? মেদিনীপুর শহরে কি দেখা যাবে বুলডোজারের দাপট? শনিবার জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই জল্পনা ছড়িয়ে পড়ে…
মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরেও কি এবার শুরু হতে চলেছে জবরদখল উচ্ছেদ অভিযান? মেদিনীপুর শহরে কি দেখা যাবে বুলডোজারের দাপট? শনিবার জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে।
বৈঠক শেষে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, "বহু জায়গায় বহু মানুষ জবরদখল করে রয়েছেন। সেই সমস্ত জায়গা উচ্ছেদ করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে।"
মন্ত্রীর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘদিন ধরেই মেদিনীপুর শহরের অন্যতম বড় সমস্যা হিসেবে উঠে এসেছে রাস্তা দখল, অবৈধ নির্মাণ এবং নিয়ন্ত্রণহীন টোটো চলাচল। সাধারণ মানুষের অভিযোগ, পূর্ববর্তী সরকার দীর্ঘ এক দশকেও এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। ফলে শহরের উন্নয়ন ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, জনমতের এই বার্তাকে গুরুত্ব দিয়েই নতুন সরকার দ্রুত পদক্ষেপের পথে হাঁটতে চাইছে। সেই কারণেই প্রশাসনের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও পরিকল্পনা শুরু হয়েছে।
এর আগেই মেদিনীপুরের বিধায়ক ডা. সংকর গুছাইত শহরের ক্রমবর্ধমান যানজট কমাতে সেন্ট্রাল বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। এবার দিলীপ ঘোষের মন্তব্য সেই পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে দিতে পারে বলেই মনে করছেন অনেকে।
তবে সম্ভাব্য উচ্ছেদ অভিযান নিয়ে উদ্বেগও কম নয়। দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ বা বুলডোজার অভিযানকে কেন্দ্র করে বহুবার উত্তেজনা, প্রতিবাদ ও আইনশৃঙ্খলার অবনতি দেখা গেছে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।
এখন দেখার বিষয়, নতুন সরকার মেদিনীপুর শহরকে যানজট ও জবরদখলের সমস্যা থেকে মুক্ত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং সেই পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে পুনর্বাসন ও আইনি প্রক্রিয়াকে কতটা গুরুত্ব দেয়।
#মেদিনীপুর #পশ্চিমমেদিনীপুর #দিলীপঘোষ #বুলডোজারঅভিযান #উচ্ছেদঅভিযান #জবরদখল #Medinipur #WestMidnapore #BreakingNews #BengalPolitics #DilipGhosh #BulldozerAction #MedinipurLive #বাংলাখবর #WestBengalNews

কোন মন্তব্য নেই