খড়গপুর: খড়গপুর আইআইটির (kharagpur IIT) অনুষ্ঠানে অতিথি ও উদ্বোধক হিসেবে ডাক পেয়েছেন যোগ গুরু রামদেব ও রবিশঙ্কর। আয়ুর্বেদ চর্চার ধারাবাহিকতা প্রসঙ্গে আলোচনাতে এই দুই ব্যক্তিত্বের উপস্থিতি নিয়ে সমালোচনা ও নিন্দা প্রতিবাদ শুরু।…
খড়গপুর: খড়গপুর আইআইটির (kharagpur IIT) অনুষ্ঠানে অতিথি ও উদ্বোধক হিসেবে ডাক পেয়েছেন যোগ গুরু রামদেব ও রবিশঙ্কর। আয়ুর্বেদ চর্চার ধারাবাহিকতা প্রসঙ্গে আলোচনাতে এই দুই ব্যক্তিত্বের উপস্থিতি নিয়ে সমালোচনা ও নিন্দা প্রতিবাদ শুরু। ব্রেক থ্রু সাইন্স সোসাইটির পক্ষ থেকে শুক্রবার রাতে বিক্ষোভ দেখানো হয় আইআইটির সামনে। সোসাইটির দাবি-" শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে অপবিজ্ঞানের প্রচার ও প্রসার করছে কেন্দ্রীয় সরকার।"
টেকনোলজির পিঠস্থান খড়গপুর আইআইটি। দেশ-বিদেশ থেকে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান চর্চার জন্য এখানে ছুটে আসে। কয়েক বছর ধরে এখানে ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে সমৃদ্ধ করার বিশেষ একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম "সেন্টার অফ এক্সেলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম"। কিন্তু এই কাজের পদ্ধতিতে পুরণের গল্প মেশানোর চেষ্টা হয়েছিল এক বছর আগে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার তাদের 'আয়ুর্ধারা' শীর্ষক একটি অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসাবে স্থান দেওয়া হয়েছে শ্রী শ্রী রবি শংকর ও যোগগুরু রামদেবকে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় রাজারহাট এলাকাতে আইআইটি রিসার্চ পার্ক ফাউন্ডেশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই বিজ্ঞান চিন্তা মনস্ক সংগঠন ও যুক্তিবাদীরা প্রতিবাদ শুরু করেছেন।
শুক্রবার সন্ধ্যার পর খড়গপুর আইআইটির গেটের সামনে বিক্ষোভ দেখায় ব্রেক থ্রু সাইন্স সোসাইটির সদস্যরা। সোসাইটির সম্পাদক প্রত্যুষ শিকদার বলেন-" আইআইটির মতো স্থানে গবেষণা ও অত্যাধুনিক চিন্তাভাবনা প্রসারণের প্রয়োজন। সেখানে রামদেব আর রবিশঙ্করেরা আয়ুর্বেদ বা যোগ চর্চার নামে একটি বিশেষ ধর্মীয় চেতনাকে উস্কে দিচ্ছেন। কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান নলেজ সিস্টেম এর মাধ্যমে সেই অপবিজ্ঞানের প্রসার করতে চাইছে। বিজ্ঞানের মোড়কে উগ্র আধ্যাত্বিক চেতনা প্রসারের চেষ্টা চালাচ্ছে।"
এটা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার শাসকদলের নেতৃত্বরাও। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি বলেন-" কেন্দ্রীয় সরকার খুব সুপরিকল্পিতভাবে শিক্ষা কেন্দ্রগুলিকে ধর্মীয় চিন্তা ভাবনা প্রসারের কাজে লাগাচ্ছে। খড়গপুর আই আই টি নিজস্ব লক্ষ্য থেকে সরে যাচ্ছে। পঠন পাঠনের এসেআইআইটি ক্যাম্পাসে ছাত্র-মৃত্যু ঘটছে। চূড়ান্ত বিশৃঙ্খলা খড়গপুর আইআইটি তে। আমরা এর প্রতিবাদে সামিল হচ্ছে শীঘ্রই।"
তবে এই বিষয়ে কর্ণপাত করতে নারাজ আইআইটি কর্তারা। আইআইটির "সেন্টার অফ এক্সেলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম" এর চেয়ারম্যান অধ্যাপক জয় সেন বলেন-"যোগ শিক্ষা ,আয়ুর্বেদশাস্ত্র বিজ্ঞানেরই অংশ। যোগ শাস্ত্র বিশ্বে নোবেল জয় করেছে। ফলে এই আমন্ত্রণ অমূলক কিছু নয়।"

কোন মন্তব্য নেই