মেদিনীপুর: কুড়মি সম্প্রদায়কে কোনভাবেই এসটি তালিকাভুক্ত করা চলবে না। তাহলে আদিবাসী সমাজ নিজেদের সুবিধা হারাবে। তাই কোনোভাবে কর্মীদের এসটি তালিকাভুক্ত করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে জঙ্গলমহলের আদিবাসীরা। মঙ্গলবার মেদিনীপুর শহরে প…
মেদিনীপুর: কুড়মি সম্প্রদায়কে কোনভাবেই এসটি তালিকাভুক্ত করা চলবে না। তাহলে আদিবাসী সমাজ নিজেদের সুবিধা হারাবে। তাই কোনোভাবে কর্মীদের এসটি তালিকাভুক্ত করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে জঙ্গলমহলের আদিবাসীরা। মঙ্গলবার মেদিনীপুর শহরে প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ অবস্থান করে জেলা প্রশাসনের আধিকারিকদের লিখিতভাবে জানালেন তারা।
মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরে মিছিল ঘুরিয়ে তারা হাজির হয়েছিলেন জেলাশাসকের দপ্তরের সামনে। হাতে নিজেদের দাবী সম্বলিত পোস্টার ও ব্যানার। ব্যানারে তারা উল্লেখ করেছিল-'ভুয়ো এসটি তালিকা বাতিল করতে হবে।' 'কুড়মী সম্প্রদায়কে কোনভাবেই এস টি তালিকাভুক্ত করা চলবে না।' 'সমগ্র আদিবাসী সমাজ এক হও।' এই দাবিগুলি নিয়ে আদিবাসীদের মুন্ডা ,কোল, সাঁওতাল-এর মত ৪০টি উপজাতি সমবেত হয়েছিলেন।
এই দাবিতে মঙ্গলবার বেলা একটার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। জেলাশাসকের সঙ্গে তারা দেখা করে নিজেদের দাবি সম্বলিত ডেপুটেশন দিয়েছেন। সংগঠনের নেতৃত্বরা পরিষ্কার জেলা শাসক কে জানান-"কুড়মী সম্প্রদায় এসটি তালিকাভুক্ত হলে জঙ্গলমহলের আদিবাসীরা অধিকার হারাবে। তাহলে জঙ্গলমহলের আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।
সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রনাথ সিং বলেন-" কুড়মী মাহাতো সম্প্রদায়ের থেকে আদিবাসীরা অনেক বেশি পিছিয়ে। অথচ কুড়মী সম্প্রদায়কে যদি এসটি তালিকাভুক্ত করা হয় তাহলে আদিবাসীরা পুনরায় পিছিয়ে পড়বে। তাই কুড়মী সম্প্রদায়কে কোনভাবেই এসটি তালিকাভুক্ত করা চলবে না। এমন হলে সমস্ত আদিবাসী সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবো আমরা।"
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সহ-সভাপতি চারুচাঁদ হাঁসদা বলেন-" কুড়মী সম্প্রদায় কে এস টি তালিকাভুক্ত করা আমরা মেনে নিতে পারব না। এজন্য প্রাথমিক আন্দোলন শুরু করলাম। দাবি মত কাজ না দেখলে বৃহত্তর আন্দোলনে যাব। কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। কিন্তু কাগজে-কলমে সরকারি দপ্তরে এটার বিরোধিতা করছি আমরা।"
উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে, জঙ্গলমহলের মাহাতো কুড়মী সম্প্রদায় নিজেদেরকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করেছিল রাজ্যজুড়ে। ৫ দিন ধরে জাতীয় সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছিল তারা। ১০০ ঘণ্টার বেশি বিভিন্ন রেলপথ রাজ্যজুড়ে অবরুদ্ধ ছিল। অচলাবস্থা তৈরি হয়েছিল আন্দোলনের তীব্রতার কারণে। রাজ্য সরকার ইতিবাচক প্রতিশ্রুতি দিতে সেই আন্দোলন প্রত্যাহার হয়েছিল। এবার তারই পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিলো আদিবাসীদের সংগঠনগুলি। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেননি সরকারি আধিকারিকরা।

কোন মন্তব্য নেই