গোপীবল্লভপুর: ফের পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এর আগেও রাজ্য জুড়ে এইধরণের ঘটনা একাধিকবার ঘটেছে। তারপরও টনক নড়ে নি কারও। ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগও তুলেছেন অনেকে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জে…
গোপীবল্লভপুর: ফের পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এর আগেও রাজ্য জুড়ে এইধরণের ঘটনা একাধিকবার ঘটেছে। তারপরও টনক নড়ে নি কারও। ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগও তুলেছেন অনেকে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে জমিতে সেচের জন্য বাঁশের খুঁটিতে নিয়ে যাওয়া তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে। রবিবার ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামে। মৃত মহিলার নাম অঞ্জলি পাত্র (৬৫)।
জানা গিয়েছে,রবিবার সকালে ছাগল চরাতে বাড়ি থেকে সামনে একটি জমিতে অঞ্জলিদেবী গিয়েছিলেন। ওই জমিতে জল সেচের জন্য সামনের ট্রান্সফরমার থেকে তার টানা ছিল। তারটি ছেঁড়া অবস্থায় জমিতে পড়েছিল। ওই মহিলা বুঝতে না পেরে ছাগল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তারের সংস্পর্শে এলে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান অঞ্জলিদেবী। পরে লোকজন দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।
তার ছেঁড়া থাকার ঘটনায় গাফিলতি কার তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অনেকের অভিযোগ, জমিতে সেচের সাবমার্শিবলের জন্য বাঁশের খুঁটিতে করে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়। নেই কোনো পাকাপোক্ত উঁচু সিমেন্টের খুঁটি। যার ফলে তার অনেকটা ঝুলে থাকে। তা থেকে বিপদ ঘটতে পারে। এবং তার ছিঁড়ে পড়ে থাকলেও নজরদারি নেই বিদ্যুৎ দফতরের। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে ঠিক কি কারণে ওই মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এলাকায় নেমেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই