মেদিনীপুর: চলন্ত বাসে হঠাৎ ইঞ্জিনে আগুন ও প্রচন্ড ধোঁয়া। চালক বুঝতে পারেন ঘটতে চলেছে বড়ো দুর্ঘটনা ৷ বাসটিকে রাস্তার পাশে দাঁড় করানোর আগেই বাসের ভেতরে প্রবেশ করে ধোঁয়ার কুন্ডলী, তা থেকেই আতঙ্কিত হয়ে পড়লেন চলন্ত বাসের ভেতরে থা…
মেদিনীপুর: চলন্ত বাসে হঠাৎ ইঞ্জিনে আগুন ও প্রচন্ড ধোঁয়া। চালক বুঝতে পারেন ঘটতে চলেছে বড়ো দুর্ঘটনা ৷ বাসটিকে রাস্তার পাশে দাঁড় করানোর আগেই বাসের ভেতরে প্রবেশ করে ধোঁয়ার কুন্ডলী, তা থেকেই আতঙ্কিত হয়ে পড়লেন চলন্ত বাসের ভেতরে থাকা যাত্রীরা, চিত্কার শুরু করে দেন আতঙ্কে। চেঁচামেচী ও ধোঁয়া দেখে বেসরকারি ওই বাস দাঁড়ানোর আগেই বাসের ছাদ থেকে আতঙ্কে ঝাঁপ দিলেন কয়েকজন যাত্রী। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন আরো কয়েকজন। ঘটনাটি রবিবার বিকেলে ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের জামতলা এলাকায়।
বেসরকারি একটি বাস মেদিনীপুর শহর থেকে যাত্রী ভর্তি করে ঘাটালের দিকে যাচ্ছিল। রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় জামতলা এলাকায় হঠাৎ বিকট আওয়াজ করে ইঞ্জিন থেকে প্রচন্ড ধোঁয়া ও আগুন বেরোতে থাকে। এতে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চেঁচামেচি শুরু করে দেয়।বাসের চালক পরিস্থিতি বেগতিক মনে হলেও নিজেকে নিয়ন্ত্রন করে গাড়িকে জামতলা বাজারে প্রবেশ করিয়ে দেয় ৷ যাতে উদ্ধারে সহযোগীতা পাওয়া যায়৷ অন্যদিকে ততক্ষনে বাসের ইঞ্জিন থেকে ধোঁয়ার সাথে আগুন বের হতে থাকে ৷ পরিস্থিতি খুব খারাপ- এই আশঙ্কায় বাসের ছাদে থাকা কয়েকজন যাত্রী উপর থেকে ঝাঁপ দিয়ে দেয়। কমবেশি জখম হয়েছেন তাদের দুজন। বাস থেকে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়িতে কয়েকজন চোট পেয়েছেন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে যাত্রীদের উদ্ধারে লাগে ৷ বাসের দরজা ছাড়াও জানালা ভেঙ্গে যাত্রীদের বের করতে থাকে ৷ অনেকেই জল দিয়ে আগুন নেভান ৷ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন সকলে ৷
স্থানীয় প্রত্যক্ষদর্শী চিকিত্সক ডাক্তার হোসেন আলি বলেন- " চলন্ত বাস থেকে প্রচন্ড ধোঁয়া ও আগুন বের হতে দেখে সবাই আতঙ্কে চেঁচামেচী শুরু করে দিয়েছিলেন ৷ সকলে গিয়ে উদ্ধার করার আগেই অনেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত হন ৷ বাকিদের উদ্ধার করা হয়েছে বিভিন্ন ভাবে ৷ কয়েকজন জখম হয়েছেন ৷"

কোন মন্তব্য নেই